ফুলপুর (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ১৬:৪১ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫ ১৬:৪৩ পিএম
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় কে বা কাহারা রাতের আধাঁরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ কর্তৃক শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়ের ছবি ও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমদের ছবি সম্বলিত পোস্টার বাসা-বাড়ির দেয়ালে, বিদ্যুতের খুঁটিতে লাগানো হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে এসব পোস্টার দেখতে পান স্থানীয়রা। এছাড়া ফুলপুরের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে নিষিদ্ধ সংগঠন ফুলপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মিলন তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতেও পোস্ট করেন।
পোস্টারে লেখা আছে, ‘জাগো বাঙালি জাগো’ ‘রক্ত একবার দিয়েছি আমরা, আবার না হয় দিব’। নিচে আরও লেখা আছে, শান্ত থাকবেন, এদেশ আমাদের, এদেশ রক্ষা করা আমাদের দায়িত্ব- বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।

নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মিলন এর ফেইসবুক আইডির মাধ্যমে এ বিষয়ে তার সঙ্গে কথা বললে, তিনি জানান, সাবেক এমপি শরিফ আহমেদের দিকনির্দেশনায় আমরা এই পোস্টার লাগিয়েছি। এছাড়া কেন্দ্রীয় দিকনির্দেশনা মোতাবেক পর্যায়ক্রমে প্রতিটি কার্যক্রম আরও কঠোরভাবে চালানোর আশ্বাস রয়েছে। যত বিপদ আসুক না কেন, আমাদের আপা জননেত্রী শেখ হাসিনাকে এদেশের মাটিতে ফিরিয়ে আনবই। এসব কথা বলার কিছুক্ষণ পর আবারও তার মেসেঞ্জার চেক দিলে সকল মেসেজ ডিলিট করে দেন তিনি।
এ বিষয়ে জানার সাবেক এমপি ও উপজেলার আওয়ামী লীগের সভাপতি শরীফ আহমদকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি বলেন, কে বা কাহারা রাতের আধারে এ পোস্টার লাগিয়েছেন তা এখনো শনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। এছাড়া আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।