চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ১৯:২৭ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫ ১৯:৩৬ পিএম
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জনপ্রতিনিধি জুয়েল রানাসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সাজা দেওয়া হয়।
রবিবার (১২ অক্টোবর) বিকালে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেনÑ চাঁপাইনবাবগঞ্জ সদরের চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ও ফাটাপাড়া-মালবাগডাঙ্গা গ্রামের আমীর আলীর ছেলে জুয়েল রানা। তার সহযোগীর নাম ববিতা খাতুন। এই নারী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান মহল্লার ভাড়াটিয়া মুকুল রানার স্ত্রী ববিতা খাতুন। রায় ঘোষণার সময় ববিতা আদালতে উপস্থিত থাকলেও জুয়েল রানা পলাতক ছিলেন।
মামলার বরাত দিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ময়েজ উদ্দিন জানান, ২০২৩ সালের ১৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান মহল্লায় ববিতার ভাড়া বাড়ি ও জুয়েল রানার বেলেপুকুরের বাড়িতে পৃথক অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পৃথক দুটি অভিযানে ববিতার ঘর থেকে ৭৫০ ও জুয়েলের বাড়ি থেকে ২০০ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনার দিনই জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের উপপরিদর্শক আসাদুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন।
তিনি আরও বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার তদন্ত শেষে ববিতা ও জুয়েল মেম্বারকে অভিযুক্ত করে ২০২৩ সালের ১৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক তাদের দুজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন।