সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ১১:৪১ এএম
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক আটক ১৬ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাতে বিজিবি সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে তাদেরকে সোপর্দ করা হয়।
এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতের আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমারের নেতৃত্বে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তলুইগাছা বিজিবি ক্যাম্পের সদস্যদের কাছে তাদের হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় বাংলাদেশের ১৬ জন নাগরিককে বিএসএফ সদস্যরা আটক করেন।
আটককৃতরা হলেন- মোঃ মোশারাফ ঢালী (৫৭), মুসলিমা খাতুন (২৯), ইউনুছ আলী (৪২), সিনহা খাতুন (১১), মোরসালিম গাজী (৭), মোঃ জিল্লুর রহমান (২৩), মোছাঃ ঝরনা পারভিন (৩৭), মোঃ আশিকুজ্জামান (১৮), রিফাত হোসেন (২৬), মোঃ শাহিনুজ্জামান (২৮), শারমিন সুলতানা (১৮), সুমাইয়া আক্তার (৩), ফাতিমা খাতুন (২২), মোঃ ফারজান নাবিল (৩), মোছাঃ রুবিনা খাতুন (২৯) ও আল আমিন (২৬)।
তারা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া, নওয়াবেকী, পদ্মপুকুর, কাশিমাড়ী, চন্ডিপুর এবং খুলনার কয়রা এলাকার বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে রবিবার (১২ অক্টোবর) সকালে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।