বগুড়া অফিস
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫ ২৩:০৫ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫ ২৩:০৬ পিএম
বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে গোসল করতে নেমে হৃদয় হাসান (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রহমাননগর এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা নদীতে অভিযান চালাচ্ছেন।
নিখোঁজ হৃদয় হাসান উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রহমাননগর গ্রামের দুলাল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রহমাননগর গ্রামের তিন বন্ধু হৃদয় হাসান, নীরব হোসেন ও সৌরভ আহম্মেদ শনিবার সকালে করতোয়া নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে নদীর পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সাঁতরে যাওয়ার সময় পানির তীব্র স্রোতে দুইজন তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় সৌরভকে জীবিত উদ্ধার করা হলেও হৃদয় হাসান নিখোঁজ থাকে।
উদ্ধার হওয়া সৌরভ আহম্মেদ জানান, আমরা তিনজন একসঙ্গে গোসল করতে নামি। নীরব সাঁতার না জানলেও কোনোরকমে তীরে উঠতে পারে। কিন্তু আমি ও হৃদয় সাঁতার জানলেও পানির স্রোতে ভেসে যাই। স্থানীয়রা আমাকে উদ্ধার করে, কিন্তু হৃদয়কে আর দেখা যায়নি।
শেরপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং উদ্ধার অভিযান শুরু করি। কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ ছেলেটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। রাজশাহী থেকে বিশেষ ডুবুরি দল আনা হয়েছে উদ্ধার অভিযানে সহায়তার জন্য।