ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫ ১৮:১২ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫ ১৮:৩১ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে দূর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম মো. মামুনুর রহমান (৪৬)। তিনি ফেনী শহরের শাহীন একাডেমি এলাকার আবুল খায়েরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে মামুন লালপোল থেকে মহিপালের দিকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন আসার পর হঠাৎ একটি গরু মহাসড়কের উপর উঠে যায়। এতে মামুনের মোটরসাইকেলটি গরুর সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। পরে পেছনে থাকা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস এসে মামুনকে চাপা দেয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দূর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। কিন্তু ঘাতক বাসটির ব্যাপারে ওসি’র কোনো বক্তব্য পাওয়া যায়নি।