গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ১৮:৫৪ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫ ১৯:০৫ পিএম
‘আওয়ামী লীগ সরকার না থাকলেও টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার মানুষ সুযোগ-সুবিধা থেকে কোনোভাবেই বঞ্চিত হবে না। এই এলাকার প্রতিটি মানুষের নাগরিক অধিকার রয়েছে। আওয়ামী লীগ না থাকলে কেউ চাকরি পাবে না বা ভোট দেবে না; এমন ধারণা ভুল। যখন আওয়ামী লীগ থাকবে না তখন আমি এলাকার মানুষের পাশে থেকে কাজ করব, এই বিশ্বাস নিয়ে বিএনপির রাজনীতি করেছিলাম।’
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে ‘সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।
টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের পৌর মার্কেটে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে এ সম্প্রীতি সমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠন।
সমাবেশে স্বেচ্ছাসেবক দলের এই নেতা বলেন, টুঙ্গিপাড়ার সন্তান হয়ে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে কত বছর বাড়িতে থাকতে পারেনি। ১৬৭টি মামলা হয়েছে। তারপরেও যখন পেরেছি এলাকার মানুষের জন্য কাজ করেছি। আমি আপনাদের এলাকার সন্তান, আমাকে যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে আমার রাজনীতি করা সার্থক হবে। প্রতিহিংসার রাজনীতির দিন শেষ, এখন সম্প্রীতির বাংলাদেশ।
টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবুল খায়ের।
আরও বক্তব্য দেনÑ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।