নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ১৫:৪১ পিএম
নড়াইলে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
`ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান।
বক্তারা বলেন, শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রতিদিন ডিমসহ পুষ্টিকর খাবার গ্রহণের বিকল্প নেই। তারা সকলকে নিয়মিত ডিম খাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, মাঠকর্মী, পশু চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।