চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ২০:৫৮ পিএম
চুয়াডাঙ্গার জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। প্রবা ফটো
চুয়াডাঙ্গার জীবননগরে বীজের প্যাকেটে আমদানিকারকের তথ্য, মূল্য না থাকা এবং বেশি দামে সার বিক্রি করায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এদিন বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত জীবননগর বাজারে বীজ, কীটনাশক ও মুদি দোকানে অভিযান চালানো হয়।
এ সময় বীজের প্যাকেটে আমদানিকারকের তথ্য, মূল্য ও বীজ সম্পর্কিত অন্যান্য প্রয়োজনীয় তথ্য না থাকায় ভোক্তা আইনে মেসার্স শীলা বীজ ভান্ডারের মালিককে ২৫ হাজার ও মেসার্স গ্রীন লাইফ সীডসের মালিককে ৫ হাজার টাকা এবং বেশি দামে সার বিক্রি করায় মেসার্স এ্যানি এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় ।
অভিযানের সময় তাদের মূল্য-তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য কেনাবেচা, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ, বীজ বিক্রি না করার জন্য নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয় বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।