× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত

স্ত্রীর সঙ্গে শেষ কথা—যদি ফোন বন্ধ পাও, ধরে নিও আমি আর এ পৃথিবীতে নেই

শাখাওয়াত হোসেন সোহান, রাজবাড়ী

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ১৯:৩৫ পিএম

নিহত নজরুল ইসলাম।

নিহত নজরুল ইসলাম।

বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদ থেকে অবসরের পর ভাগ্য বদলের আশায় রাশিয়া পাড়ি জমান নজরুল ইসলাম (৪৭)। নিখোঁজ থাকার সাত মাস পর বুধবার (৮ অক্টোবর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার মৃত্যুর খবর জানানো হয় পরিবারকে। নিহত নজরুল ইসলাম রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চর রামকান্তপুর গ্রামের মৃত হাতেম আলী ফকিরের ছেলে। 

নিহত নজরুল ইসলাম রেখে গেছেন চার কন্যা সন্তান। তাদের মধ্যে বড় মেয়ে চলতি বছর রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে। দ্বিতীয় মেয়ে পড়ে পঞ্চম শ্রেণিতে এবং ছোট দুই মেয়ের বয়স মাত্র ৬ ও ৫ বছর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। 

নজরুলের স্ত্রী আইরিন আক্তার জানান, নজরুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদে কর্মরত থাকাবস্থায় ২০২০ সালে অবসরে যান। এর আগে ২০১৩ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেন কঙ্গোতে। অবসরের পর কিছুদিন বাড়িতে থাকলেও পরে ব্যবসা শুরু করেন। কিন্তু ব্যবসায় বড় লোকসান গুনতে হয়। আর্থিক সংকটে পড়লে স্থানীয় এক দালাল ফরিদ হোসেন তাকে রাশিয়ায় ‘শপিং মলে নিরাপত্তাকর্মীর চাকরির প্রলোভন দেখান। পরিবারের আপত্তি উপেক্ষা করে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি রাশিয়ার উদ্দেশে যাত্রা করেন নজরুল। সেখানে পৌঁছানোর পর তাকে এক মাসের সামরিক প্রশিক্ষণ নিতে বাধ্য করা হয় এবং পরে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। প্রথমদিকে পরিবারের সঙ্গে নিয়মিত ভিডিও কলে কথা বলতেন নজরুল ইসলাম। তিনি আমাকে বলেছিলেন, ‘এখান থেকে দেশে ফেরা আর সম্ভব না। যদি কখনো ফোন বন্ধ দেখায়, সেদিন ধরে নিও, আমি আর এ পৃথিবীতে নেই।

আইরিন বলেন, তার (নজরুল ইসলাম) সঙ্গে সর্বশেষ কথা হয় ৩০ এপ্রিল। সেদিন তিনি ব্যাংকে টাকা পাঠাতে যাচ্ছেন বলে জানান। তার কিছুক্ষণ পর আবার ফোন করে বলেন, টাকা পাঠানো হলো না, দ্রুত যেতে হচ্ছে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাইনি। তিনি বলেন, দীর্ঘ সাত মাস ধরে পরিবারের সদস্যরা পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করলেও কোনো সাড়া পাননি। অবশেষে গত বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোনে তার মৃত্যুর খবর জানানো হয়।

নজরুল ইসলামের বড় ভাই অবসরপ্রাপ্ত সার্জেন্ট রহিম ফকির বলেন, ফরিদ নামের এক দালাল নজরুলকে প্রলোভন দেখিয়ে রাশিয়ায় পাঠায়। নজরুলকে বহু জায়গায় খোঁজ নিয়েছি। ফরিদ সব সময় বলত, ‘ও বেঁচে আছে, নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ করতে পারছে না।’ এখন শুনলাম, ও আর বেঁচে নেই। সরকার যেন অন্তত লাশটা দেশে আনার ব্যবস্থা করে।

অভিযুক্ত দালাল ফরিদ হোসেন বলেন, আমি নজরুলকে রাশিয়ায় পাঠাইনি। তিনি গেছেন ‘বিকন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’ নামক এজেন্সির মাধ্যমে। আমি শুধু যোগাযোগ করিয়ে দিয়েছি। তিনি সব জেনে-বুঝেই গিয়েছেন, রাশিয়ান সেনাবাহিনীর লজিস্টিক হ্যান্ড হিসেবে কাজ করবে বলে জানতেন নজরুল। এমনকি ‘নো অবজেকশন সার্টিফিকেট’-এ স্বাক্ষরও করেছেন। শুনেছি, মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে নজরুল মারা গেছেন। এখানে আমার দোষ দিয়ে লাভ কী?

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা