ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ১২:০২ পিএম
প্রবা ফটো
কিশোরগঞ্জের ভৈরবে শহরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে চার নারী মাদক কারবারিসহ ৫ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেল ভৈরব শাখার সদস্যরা।
বুধবার (৮ সেপ্টেম্বর) ঢাকা-সিলেট মহাসড়ক সৈয়দ নজরুল ইসলাম সেতুসহ বিভিন্ন স্থানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে আটককৃতরা হলেন, পৌর শহরের কমলপুর পঞ্চবটি বউ বাজার এলাকার হালিম মিয়ার বাড়ির মিলন মিয়ার স্ত্রী রেখা বেগম, একই এলাকার আলামিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া রমজান মিয়ার স্ত্রী মোছা. স্বপ্না বেগম, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা ধর্ম নগর গ্রামের ধন মিয়ার স্ত্রী শামসুন্নাহার, একই জেলার বিজয়নগর থানার রইশপুর গ্রামের খোকন মিয়ার স্ত্রী নেহেরা বেগম এবং হবিগঞ্জ জেলার বাহুবল থানার বাদে উলুয়া গ্রামের মৃত আব্দুল বারেক এর ছেলে নুরুল ইসলাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনভর সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৯৯০ পিস ইয়াবা, ৩৭ বোতল স্কার্ফ সিরাপ ও ২ কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
অভিযানে রেখা বেগমের কাছ থেকে ১৯৯০ পিস ইয়াবা, স্বপ্না বেগমের কাছ থেকে ৩৭ বোতল স্কার্ফ সিরাপ, সামছুন্নাহার, নেহারা ও নুরুল ইসলাম এর কাছ থেকে ২ কেজি গাঁজা পাওয়া যায়।
এ বিষয়ে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, আটককৃতরা সবাই চিহ্নিত মাদককারবারি। আটককৃতদের মাঝে রেখা বেগমের নামে ভৈরব থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের কর্মকর্তারা বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের শেষে আসামিদের থানায় সোপর্দ করেছে। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।