বেনাপোল প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১৯:০৩ পিএম
বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৯টি স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক স্বর্ণপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে পুটখালীর উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের কাদের আলী সর্দারের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবির পুটখালী ক্যাম্পের একটি টহলদল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় এক যুবক সীমান্তের দিকে অগ্রসর হলে সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১ কেজি ৪৯ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮০ লাখ ৫২ হাজার টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার (পিএসসি) বলেন, স্বর্ণের বারসহ আটক মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে।