টঙ্গী (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ১৪:২৬ পিএম
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে কাপড়ের কাটিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল প্রায় ১০টায় টঙ্গী স্টেশন রোড এলাকায় অবস্থিত রনির কাপড়ের কাটিং কারখানার ভেতর থেকে ঘন কালো ধোঁয়া ও আগুন বের হতে দেখে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ কাপড় ও যন্ত্রপাতি পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অবশেষে ফায়ার সার্ভিসের সদস্যরা সাড়ে ১১টার দিকে প্রায় দেড় ঘণ্টা কাজ করে আগুন নেভাতে সক্ষম হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।