লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১৭:০১ পিএম
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নে আকস্মিক ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত তিনজন। ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় বহু পরিবার এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
রবিবার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে ইউনিয়নের শ্রুতিধর ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘূর্ণিঝড় আঘাত হানে। কয়েকদিন ধরে চলমান বৃষ্টির মধ্যে হঠাৎ শুরু হওয়া ঘূর্ণিঝড়ে আধাপাকা ও টিনশেড ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় উড়ে যাওয়া টিন ও ইটের আঘাতে বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) এবং শহিদুল ইসলাম (৪৬) আহত হন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী শাহিনুর রহমান বলেন, ‘বৃষ্টি চলাকালীন আকস্মিকভাবে ঝড় শুরু হয়। মুহূর্তের মধ্যে টিনশেড ও আধাপাকা ঘর ভেঙে পড়ে। ঝড়টি যদি আরও কিছুক্ষণ স্থায়ী হতো, ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হতো।’
ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন জানান, মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জাকিয়া খাতুন বলেন, ‘ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়ার পর একটি তদন্ত টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে দ্রুত প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’