× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফটিকছড়ির দুঃখ ঘোচাতে বিএডিসির ১৩ খাল খনন

ওবাইদুল আকবর রুবেল, ফটিকছড়ি (চট্টগ্রাম)

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১২:২৩ পিএম

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্তির পাশাপাশি স্থানীয় কয়েক’শ হেক্টর জমি চাষাবাদের আওতায় আনতে চট্টগ্রামের ফটিকছড়িতে বিএডিসির উদ্যোগে খাল পুনঃখনন করা হয়েছে। ছবিটি ধর্মপুর এলাকার। -প্রবা ফটো

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্তির পাশাপাশি স্থানীয় কয়েক’শ হেক্টর জমি চাষাবাদের আওতায় আনতে চট্টগ্রামের ফটিকছড়িতে বিএডিসির উদ্যোগে খাল পুনঃখনন করা হয়েছে। ছবিটি ধর্মপুর এলাকার। -প্রবা ফটো

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলের দুর্ভোগ লাঘবে আশার আলো দেখাচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) খাল খনন প্রকল্প। প্রতিবছর বর্ষায় ভয়াবহ বন্যায় কৃষি, মৎস্য ও অবকাঠামো খাতে যে বিপুল ক্ষয়ক্ষতি হতো, এবার সেই দুঃখ ঘোচাতে এগিয়ে এসেছে সরকার। উপজেলার ১৩টি ইউনিয়নে ইতোমধ্যে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজ সম্পন্ন হয়েছে, যা কৃষকের ফসল বাঁচাতে ও অনাবাদি জমিকে চাষযোগ্য করে তুলতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সূত্রে জানা যায়, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩-২৪ ও ২০২৪-২৫ এই দুই অর্থবছরে ফটিকছড়ি উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ৩৩ কিলোমিটারের অধিক খাল পুনঃখনন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে চার কোটি টাকা। পুনঃখননকৃত খালগুলো হলোÑ পাইন্দং ইউনিয়নের পাইন্দং খাল ও পাটিয়ালছড়ি খাল, দাঁতমারা ইউনিয়নের দাঁতমারা খাল ও করালিয়া ছড়া, ভুজপুর ইউনিয়নের হরিণা খাল, সমিতিরহাট ইউনিয়নের হিন্দুনীছড়া, মরা হালদা ছড়া, হিন্দুনী ছড়া শাখা খাল, জাফতনগর ইউনিয়নের বোলার মা খাল, হেরগাজী খাল ও খনখাইয়া খাল, বক্তপুর ইউনিয়নের ইছাছড়া খাল, ধর্মপুর ইউনিয়নের খনখাইয়া খাল, যা খননকাজ এখনও চলমান। 

ভুজপুরের কৃষক নুরুল আলম বলেন, হরিণা খালটি দীর্ঘদিন অকেজো ছিল, কৃষকদের কোনো কাজে আসত না। খালটি পুনঃখনন হওয়ায় এখন হয়তো আমাদের ভাগ্য বদলাবে।

ধর্মপুরের কৃষক মহিউদ্দিন বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়ে। তারপর রয়েছে পাহাড়ি ঢল আতঙ্ক। এবার মরা খনখাইয়া খালটি খনন করছে বিএডিসি। এবার এ অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে এবং কৃষকের মুখে হাসি ফোটাবে। পাইন্দং ইউনিয়নের কৃষক আব্দুর জব্বর বলেন, খাল পুনঃখননে সব জমি চাষাবাদের আওতায় আসবে। 

উপজেলা পরিবেশ সাংবাদিক সমিতির সভাপতি সোলাইমান আকাশ বলেন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি স্থানীয় পরিবেশেও ইতিবাচক প্রভাব ফেলেছে। এ উদ্যোগ আরও সম্প্রসারিত হওয়া দরকার।

বিএডিসির উপ-সহকারী কর্মকর্তা দীপন চাকমা জানান, আমরা ইতোমধ্যে উপজেলা বিভিন্ন ইউনিয়নে প্রায় ১৩টি খাল পুনঃখনন করেছি। আরও বেশ কয়েকটি খাল পুনঃখননের প্রস্তাব রয়েছে। ধাপে ধাপে কাজ সম্পন্ন হলে কৃষি উৎপাদন ও জলাবদ্ধতা দুটোই নিশ্চিত হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক জানান, জলাবদ্ধতা থেকে সুরক্ষা এবং ভূ-উপরিস্থ পানি ব্যবহারের মাধ্যমে অনাবাদি জমি চাষের আওতায় আনার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিএডিসি একটি যুগান্তকারী প্রকল্প বাস্তবায়ন করছে ফটিকছড়িতে। এর ফলে এলাকাবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন এবং চাষিরা উৎপাদিত ফসল সুরক্ষা ও অনাবাদি জমি চাষের আওতায় আনার মাধ্যমে লাভবান হবেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, বিএডিসি ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ১৩টি খাল পুনঃখননের কাজ শেষ করেছে। এর ফলে খালের পানি ধারণক্ষমতা বাড়বে, হালদা নদীর জোয়ারের পানি খালের বিভিন্ন প্রান্তে ঢুকবে, শুষ্ক মৌসুমে চাষিরা সেচ দিতে পারবে আবার বর্ষা মৌসুমে জলাবদ্ধতার হাত থেকে ফসল রক্ষা পাবে কৃষকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা