প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ২০:৪৭ পিএম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ও মানিকগঞ্জের সিংগাইরে জমি নিয়ে বিরোধের জেরে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেলে ও গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): জমি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খোকন মিয়া নামে এক ইজিবাইক চালককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনায় শনিবার নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ১৩ জনের নামসহ অজ্ঞাত আরও ৬ জনকে আসামি করে থানায় মামলা করেন। পরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছেন।
এর আগে গত শুক্রবার রাত ১০টার দিকে ঈশ্বরগঞ্জের কর্মা গ্রামে হত্যার এ ঘটনা ঘটে।নিহত খোকন মিয়া (৫৫) ওই এলাকার খোকন মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন- সোহাগ মিয়া (২৫) ও জোসনা আক্তার বেলিকে (৩৫)।
নিহতের পরিবারের বরাতে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর জানান, জমি নিয়ে বিরোধের জেরে শুক্রবার রাতে চাচাতো ভাই নজরুল ইসলাম, বাদল, মঞ্জু, মোসলেম, একলাস, রাসেল, হানিফ, সাকিবসহ ১৫ জনের সংঘবদ্ধ একটি দল খোকন মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়।একপর্যায়ে তাকে কুপিয়ে হত্যা করে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত নজরুল ইসলামের বাড়িতে গেলে তালাবন্ধ পাওয়া যায়। এছাড়া তাদের ব্যবহৃত একাধিক মোবাইল নম্বরে কল করলেও তা বন্ধ পাওয়া যায়।
সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে ১০ পয়েন্ট জমির জন্য মো. হানিফ বেপারী (৫৫) নামে একব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে আপন বড় ভাই ও চাচাতো ভাতিজা।
শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মো. হানিফ বেপারী মৃত. ইলাস ওরফে ইলা বেপারীর ছেলে।তিনি ৪ সন্তানের জনক ছিলেন।
এ ঘটনায় হত্যার মূল আসামি বড় ভাই মো. বাচ্চু বেপারীকে হেফাজতে নিয়েছেন পুলিশ। এছাড়া সেন্টু ও জাহাঙ্গীরসহ একাধিক অভিযুক্ত পলাতক রয়েছেন। তবে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত পরিবারের কয়েকজন সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে নিহতের ছোট মেয়ে স্মৃতি সাংবাদিকদের জানান, আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা আগেও হুমকি দিয়েছিল। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।
সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।