কুমিল্লা অফিস
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ১৮:৪৯ পিএম
কুমিল্লায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ ৪৮ হাজার টাকার অবৈধ ভারতীয় বাজি ও গাঁজা উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
শনিবার (৪ অক্টোবর) ভোর ৫টার দিকে সদর দক্ষিণ উপজেলার লক্ষীপুর ও সদর উপজেলার কটকবাজারসংলগ্ন এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যশপুর বিওপির অধীনস্থ লক্ষীপুর পোস্টের একটি বিশেষ টহলদল ভোরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের ৭ কিলোমিটার অভ্যন্তরে মান্দারী কবরস্থান ও পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৪ হাজার ৫৬০ পিস ভারতীয় বাজি এবং ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত বাজি ও গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৪৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।