আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ১৮:১৪ পিএম
সাভারে প্রেমের ফাঁদে ফেলে পরিবার পরিকল্পনা বিভাগের ইন্সপেক্টর মো. মেহেদী হাসানকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনা গাড়ি জব্দ এবং ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
শনিবার (৪ অক্টোবর) বিকালে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— রংপুর জেলার পীরগাছা থানার তালুকো গ্রামের শরিফুল (২৫), একই থানার ২ নম্বর সতাং গ্রামের জয়নাল (২৫), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার দত্তপাড়া গ্রামের সকাল আনমনা (১৯), শেরপুর জেলার নকলা থানার নাইরোন খোলা বাজার এলাকার কাওসার হোসেন কনক (২০)।
পুলিশ জানায়, বাগেরহাটের চিতলমারী উপজেলার পরিবার পরিকল্পনা ইন্সপেক্টর মেহেদী হাসানকে প্রেমের প্রলোভনে ফাঁদে ফেলে সাভারে ডেকে আনে চক্রের সদস্যরা। পরে তারা তাকে অপহরণ করে একটি গোপন স্থানে আটকে রেখে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ভুক্তভোগীর পরিবার ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানালে সাভার মডেল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় টানা ২০ ঘণ্টা অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে জামশিং এলাকা থেকে মেহেদী হাসানকে উদ্ধার করে এবং চারজনকে গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, গ্রেপ্তার চক্রটি সাভার পৌর এলাকার গেন্ডা ও রেডিও কলোনি মহল্লায় ভাড়া বাসায় থেকে হানি ট্র্যাপের মাধ্যমে মানুষকে অপহরণ ও মুক্তিপণ আদায় করত। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।