নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ১৫:৫৮ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বাকপ্রতিবন্ধী ষোড়শীকে ওরস থেকে তুলে নিয়ে ধর্ষণ করেছে এক লম্পট।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. আসমত আলী ওরফে আছু (৩৮)।
ওরসে আসা প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, ওই মেয়ে রাতের স্থানীয় শাহীন দেওয়ানের বাড়িতে আয়োজিত ওরসে যান। ওইখান থেকে প্রতিবেশী আসমত আলী তাকে তুলে নিয়ে দয়াকান্দা খালপাড়ের নির্জন একটি ঝোপে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
মেয়েটির মা অভিযোগ করেন, অনেক কাকুতি করেও ধর্ষণের হাত থেকে বাঁচতে পারেনি তার প্রতিবন্ধী মেয়েটি। ঘটনার পর কিশোরী বাড়ি ফিরে গিয়ে বিষয়টি পরিবারের কাছে জানায়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
শুক্রবার (৩ অক্টোবর) ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, সকালে তারা আড়াইহাজার থানায় একটি অভিযোগ দিয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, প্রতিবছর ওই বাড়িতে ওরসের আয়োজন হয়। সেখানে মাদকের আসর বসানো হয়। তবে কোনো প্রশাসনিক অনুমোদন নেওয়া হয়নি, ফলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই ধরনের অঘটন ঘটছে বলে দাবি এলাকাবাসীর।
এলাকাবাসীর অভিযোগ, অনুমোদন ছাড়া এ ধরনের সমাবেশ ও ওরস আয়োজন বারবার অঘটনের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারা প্রশাসনের কঠোর নজরদারি এবং জরুরি পদক্ষেপ দাবি করছেন।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুউদ্দিন বলেন, অভিযোগ পেয়ে আসামি গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।