অভয়নগর (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ২০:২৮ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫ ২০:৩৪ পিএম
চাঁদার টাকা না পেয়ে নওয়াপাড়া স্টেশন বাজার এলাকায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন তিন কর্মচারী। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় কয়লা ব্যবসায়ী মেসার্স বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালে এবং মেসার্স তরফদার ট্রেডার্সে এ বোমা হামলার ঘটনা ঘটে।
একই সময়ে পরপর দুটি প্রতিষ্ঠানে বোমা হামলার ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মেসার্স বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী জিয়াউর রহমান বিশ্বাস জানান, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি মোটরসাইকেলে দুজন দুর্বৃত্ত এসে আমার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে পরপর দুটি বোমা নিক্ষেপ করে। একটি বোমা প্রতিষ্ঠানের জানালার গ্লাস ভেঙে ভেতরে বিকট শব্দে বিস্ফোরিত হয়। বোমার আঘাতে তিনজন কর্মচারী মাসুম (৩২), শাওন (৩০) ও জাহাঙ্গীর (২৮) আহত হয়। আহতরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ ঘটনার পর দুর্বৃত্তরা মোটরসাইকেল চালিয়ে নওয়াপাড়া ফেরিঘাট এলাকায় মেসার্স তরফদার ট্রেডার্সের সামনে একটি বোমা নিক্ষেপ করে। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে সেনাবাহিনী ও অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জিয়াউর রহমান আরও জানান, গত এক মাস পূর্বে ভারতীয় মোবাইল নম্বর থেকে দুর্বৃত্তরা আমার কাছে ফোনে মোটা অংকের চাঁদা দাবি করে। ধারণা করা হচ্ছে চাঁদার টাকা না দেওয়ায় দুর্বৃত্তরা এ বোমা হামলার ঘটনা ঘটতে পারে।
নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মো. মশিয়ার রহমান মশি জানান, নওয়াপাড়া বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছে। বোমা হামলার ঘটনার প্রতিবাদে গতকাল সকালে সমিতির কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাই।
অভয়নগর থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, বোমা হামলার ঘটনায় আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্তসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।