চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ১৯:৩৭ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫ ১৯:৪৫ পিএম
ঢাকাগামী সুন্দরবন আপ এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে দীর্ঘ আন্দোলনের পর অবশেষে স্টপেজ পেল চুয়াডাঙ্গা জেলার শিল্পনগরী দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন। বুধবার (১ অক্টোবর) রাত ১২টা ১২ মিনিটে প্রথম স্টপেজ পাওয়া দর্শনা পৌরবাসী ছিল আনন্দে উদ্বেলিত।
এই শুভক্ষণের সাক্ষী হতে বুধবার সন্ধ্যার পর থেকেই স্থানীয় ছাত্র, যুবক, বৃদ্ধসহ নানা শ্রেণি ও পেশার মানুষ রাত জেগে জড়ো হয়েছিল দর্শনা হল্ট স্টেশনে। আলোকসজ্জায় সজ্জিত করা হয় হল্ট স্টেশনটি। শুধু তাই নয়, ছাত্র-জনতার পক্ষ থেকে রাতে সবার জন্য খাবারের ব্যবস্থাও করা হয়। গভীর রাতে দর্শনার হল্ট স্টেশনে ঢাকাগামী সুন্দরবন আপ এক্সপ্রেস ট্রেনটি প্লাটফর্ম স্পর্শ করলে আনন্দিত ছাত্র-জনতা স্লোগান দিয়ে আগত যাত্রীদের অভিনন্দন জানায়।
এ সময় আন্দোলনকারী ছাত্র-জনতা ট্রেনের লোকোমোটিভ চালক, পরিচালক ও সব স্টাফকে ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের হাতে রাতের খাবার তুলে দেন। দর্শনাবাসীর আনন্দে শরীক হতে পেরে তারাও উচ্ছ্বাস প্রকাশ করেন।
চুয়াডাঙ্গা জেলা সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক তানভির রহমান অনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় উৎসবে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় বক্তব্য দেন সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৌহিদ হোসেন, ছাত্রদলের কলেজ শাখার পলাশ আহাম্মেদ, ইসলামী ছাত্রশিবিরের দর্শনা থানা সভাপতি লোকমান হোসেন, সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবিদ হাসান রিফাত, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, দর্শনা ডিএস মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্লা শফি উদ্দিন, থানা যুবদলের সভাপতি জালাল উদ্দীন লিটন, রেলবাজার দোকান মালিক সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য জাহিদুল ইসলাম, বিএনপির সমন্বয়ক ইকবাল হোসেন, জামায়াতের দামুড়হুদা উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেক, জামায়াতের দর্শনা পৌর যুব বিভাগের সভাপতি তানজিল হোসেন, বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল, সমন্বয়ক মশিউর রহমান, জাসদের কেন্দ্রীয় নেতা আনোয়ারুল ইসলাম বাবু, পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট প্রমুখ।
ট্রেনটি ১০ মিনিট অবস্থানের পর ঢাকার গন্তব্যে ছেড়ে যায়। এ সময় ট্রেনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে লোকো মাস্টার সাখাওয়াত হোসেন, সহকারী লোকো মাস্টার আবু বক্কর সিদ্দিক, পরিচালক আতিকুর রহমান উপস্থিত ছিলেন।