গভীর নিম্নচাপে উত্তাল সমুদ্র
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ১৮:১৮ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫ ১৮:২০ পিএম
পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনিভূত হয়ে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপে পরিনত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে এবং উপকূলে টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের উপার্জন প্রায় বন্ধ হয়ে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না।
আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ১২টায় গভীর নিম্নচাপটি পায়রা সমুদ্র বন্দর থেকে ৬৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বিরাজ করছে এবং উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতি প্রতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। পায়রা, চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল এবং নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রাত ৯টার দিকে ভারতের গোপালপুর ও পারাদি দ্বীপের মধ্য দিয়ে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউছার হামিদ জানান, দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসন সজাগ রয়েছে। সিপিপি ভলান্টিয়ারসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করে চলছেন।
পায়রা বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মো. আজিজুর রহমান বলেন, আমরা সতর্ক অবস্থানে রয়েছি। এই মূহূর্তে আমাদের বহির্নোঙ্গরে কোনো মাদার ভ্যাসেল নেই।
মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সভাপতি মো. দিদার উদ্দিন আহম্মেদ মাসুম জানান, সাগরে থাকা জেলেদের ট্রলার নিয়ে উপকূলে নিরাপদে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে।