কাপ্তাই হ্রদে নৌকাডুবি
রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ১৭:৩৪ পিএম
রাঙামাটির নানিয়ারচরে কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই কলেজ শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন আরেকজন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে আকস্মিক ঝড়ে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের মহাজনপাড়া এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় কলেজ পড়ুয়া দুই শিক্ষার্থী ডেনিজেন চাকমা ও জিতেশ দেওয়ান পানিতে তলিয়ে যান। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে চেঙ্গী নদীর নৌকাডুবি সংলগ্ন এলাকা থেকে ভেসে ওঠে ডেনিজেন চাকমার মরদেহ। পরে স্থানীয়দের সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী মরদেহ উদ্ধার করে।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজির আলম জানান, ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার হয়েছে। বাকি একজনকে উদ্ধারে স্থানীয় ডুবুরি দল কাজ করছে।