গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ১১:১৫ এএম
গাজীপুর মহানগরীর পশ্চিম ধীরাশ্রমে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের সদস্যরা বাড়ির মালিকের হাত-পা বেঁধে ৯ ভরি স্বর্ণ ও নগদ দেড় লাখ টাকা লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে।
ডাকাতরা বাড়ির মালিক সোবহানকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। লুট শেষে ঘরের বাইরে থেকে তালা দিয়ে চলে যায় ডাকাতদল।
বাড়ির মালিক, পুলিশ ও এলাকাবাসী সূত্রে যায়, ধীরাশ্রম এলাকার সোবহান বুধবার রাতে কক্সবাজার থেকে বাসায় ফেরেন। ফেরার পর বাসার কেচিগেট খোলা রেখে খাবারের টেবিলে বসেন। এমন সময় ৮-১০ জনের একটি ডাকাত দল রুমে প্রবেশ করে। এরপর সোবহানকে রড দিয়ে আঘাত করে হাত-পা বেঁধে ফেলে। পরে আলমিরার তালা ভেঙে ৯ ভরি স্বর্ণ, নগদ দেড় লাখ টাকা লুট করে বাইরে থেকে তালা দিয়ে চলে যায়। ডাকাতরা চলে গেলে ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।
প্রতিবেশী সরোয়ার বলেন, ডাকাতরা চলে যাওয়ার পর তারা চিৎকার করে। পরে বিদেশে থাকা তার ছেলে আমাকে ফোন করে। আমরা দৌড়ে গিয়ে এই পরিবেশ দেখে ৯৯৯-এ ফোন করি। পরে পুলিশ ঘটনাস্থলে আসে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, রাতে খবর পেয়ে আমাদের একটি মোবাইল টিম গিয়েছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।