কুমিল্লা (দক্ষিণ) প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ২০:৩৫ পিএম
কুমিল্লার সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে বিশেষ টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বাজি জব্দ করেছে বিজিবি। আটককৃত বাজির আনুমানিক বাজারমূল্য এক কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহানের উপস্থিতিতে অভিযান চালানো হয়। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর এ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও সাধারণ পুলিশের সমন্বয়ে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চার লাখ ৫৪ হাজার ৪০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় বাজি মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। এর বাজারমূল্য ধরা হয়েছে এক কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা।
বিজিবি জানায়, জব্দকৃত বাজি বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।