বগুড়া অফিস
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৯ পিএম
প্রতীকী ছবি।
বগুড়ার কাহালুতে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাহুল সরকার (২৮) নামে এক যুবদল নেতা খুন হয়েছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাহুল সরকার বগুড়া শহর যুবদলের ১৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক। তিনি শহরের কৈগাড়ি এলাকার আব্দুস সোবাহান সরকারের ছেলে।
কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব হোসেন জানান, মাগুড়া গ্রামের একটি খাস পুকুর নিয়ে স্থানীয়দের সঙ্গে রাহুল সরকারের দীর্ঘদিনের বিরোধ ছিল। মঙ্গলবার দুপুরে তিনি পুকুরে বড়শি ফেলে মাছ ধরতে গেলে কয়েকজন যুবকের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে প্রতিপক্ষরা তাকে উপুর্যপরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বগুড়া শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু অভিযোগ করে বলেন, রাহুল মাগুড়া গ্রামের ওই খাস পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করছিলেন। মঙ্গলবার তিনি যুবদল কর্মী উজ্জ্বলের সঙ্গে সেখানে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তার ওপর হামলা চালালে গুরুতর আহত হয়ে রাহুল পাশের একটি বাড়িতে আশ্রয় নিলেও হামলাকারীরা সেখানেও ঢুকে আবারও ছুরিকাঘাত করে। ওই বাড়ির লোকজন তাকে রক্ষা না করে বাইরে ফেলে রেখে পালিয়ে যায় বলেও অভিযোগ করেন শিবলু।
পুলিশ পরিদর্শক মাহবুব হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে অভিযান চলছে। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।