ফেনী প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৮ পিএম
ফেনীর দাগনভূঞা উপজেলায় স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দাগনভূঞা পৌর এলাকার জগতপুর গ্রামের গফুর ভান্ডারী বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত আলমগীর হোসেন (৪৫) এর মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। একই সাথে অভিযুক্ত স্ত্রী খালেদা ইয়াসমিন (৩২) কে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। নিহত আলমগীর হোসেন গফুর ভান্ডারী বাড়ির আব্দুল গফুরের ছেলে। তিনি পেশায় ট্রাক চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ২০০২ সালে পারিবারিক ভাবে আলমগীরের সাথে বিয়ে হয় খালেদা ইয়াসমিনের। বিয়ের পর থেকে পরিবহন শ্রমিক স্বামীর সংসারে সুখেই ছিলেন ইয়াসমিন। কিন্তু গত কয়েক বছর যাবৎ নানা কারণে পারিবারিক কলহের এক পর্যায়ে নারায়নগঞ্জে আরেকটি বিয়ে করেন আলমগীর। সেই থেকে তিনি ইয়াসমিনের সাথে যোগাযোগ কমিয়ে দেন। গতকাল (সোমবার) রাতে আলমগীর বাড়িতে এলে সকাল সাড়ে ১০টার দিকে বাকবিতন্ডার এক পর্যায়ে তাকে স্ত্রী ইয়াসমিন কুপিয়ে হত্যা করে।
দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।