সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৭ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৭ পিএম
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার রুমিন ফারহানা বলেছেন, আমরা বিগতদিনে দেখেছি সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে কিন্তু আমার দুটি উপজেলা সরাইল ও আশুগঞ্জে যুগ যুগ ধরে হিন্দু-মুসলমান ভাইয়েরা আপন ভাইয়ের মতো সুখে-দুঃখে একজন আরেকজনের পাশে দাঁড়িয়েছে। আশা করি আগামীতেও এই সম্প্রীতি, এই ভালোবাসা, এই বন্ধন অটুট থাকবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোঁয়াগাও ইউনিয়নের কুচনী সার্বজনীন পুজা উদযাপন কমিটি আয়োজিত শারদীয় দূর্গা মন্ডপ পরিদর্শেন এসে এসব কথা বলেন তিনি।
রুমিন ফারহানা বলেন, আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন। আমি এতটুকু ওয়াদা দিতে পারি, আমার কাছে মানুষে-মানুষে কোন ভেদাভেদ কোনদিনও ছিলনা, ভবিষ্যতেও থাকবেনা। আমার স্বপ্ন সরাইল এবং আশুগঞ্জকে বাংলাদেশের মডেল উপজেলা হিসেবে দাঁড় করাতে চাই। আপনাদের সকলের সহযোগিতা, দোয়া এবং সাহায্য আশা করি আমার আগামীদিনগুলোতে পাশে পাবো।
এসময় কুচনী সার্বজনীন পুজা উদযাপন কমিটির সভাপতি নিহার রঞ্জন দাস, সাধারণ সম্পাদক মনোরঞ্জন চৌধুরী, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি মোঃ আমান মিয়াসহ স্থানীয় বিএনপি, যুবদলের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে তিনি একই ইউনিয়নের চানপুর ও বুড্ডা গ্রামের দূর্গামন্ডপ পরিদর্শন করেন। সনাতন ধর্মাবলম্বীদের তিনি শারদীয় শুভেচ্ছা জানান।