হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৩ পিএম
ধানের শীষে ভোট দেওয়ার জন্য দেশের মানুষ আজ উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, জনগণ আজ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। তাই মনে রাখবেন, আপনাদের কখনোই কারও কথায় বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপি আয়োজিত মতবিনিময় ও যৌথ কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, নির্বাচনকে সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সব সময় মাঠে থাকবে। আমরা নির্বাচন কমিশন ও প্রশাসনকে সহযোগিতা করব, যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে। কোনো অবস্থাতেই ষড়যন্ত্রকারীদের দেশে সরব হতে দেওয়া হবে না।
তিনি বলেন, দেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের অধিকার ফিরে পেতে চায়। বিএনপি সেই আন্দোলনের অগ্রভাগে রয়েছে। এই লড়াই জনগণের লড়াই। তাই মাঠে থাকতে হবে, ঘরে ঘরে সংগঠিত হতে হবে। আগামী নির্বাচন হবে জনগণের আন্দোলনের ফসল।
এ সময় স্থানীয় ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।