দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৮ পিএম
জামালপুরের দেওয়ানগঞ্জে ক্ষেতে কাজ করতে গিয়ে সাপের কামড়ে আলম মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর গ্রামে এ ঘটনা ঘটে। আলম ওই গ্রামের মৃত আমান আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার ইউপি সদস্য মাসুদ করিম জীবন।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে আলম মিয়া তার নিজের ধানক্ষেতে আগাছা পরিষ্কারের কাজ করছিল। এ সময় তাকে বিষাক্ত সাপ ছোবল দেয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, সাপের কামড়ে কৃষকের মৃত্যুর ঘটনাটি জেনেছি। এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।