নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫১ পিএম
মৃৎশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ বরিশালে ১২ জন শিল্পীকে সম্মাননা দেওয়া হয়েছে। এ উপলক্ষে সম্মেলন, মৃৎপণ্যের প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরের রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান হয়। এতে রাজশাহী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী ও বরিশাল বিভাগের ৬৫ জন মৃৎশিল্পী অংশ নেন।
অনুষ্ঠানে শরীয়তপুরের কালীপ্রসন্ন পালের হাতে আজীবন মৃৎশিল্পী সম্মাননা তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ওবায়দুল্লাহ। এ সময় তিনি বলেন, মৃৎপণ্য যেমন ঐতিহ্যবাহী, তেমনি পরিবেশবান্ধব। এর ব্যবহার বাড়লে মৃৎশিল্পীরাও উপকৃত হবেন। অনুষ্ঠানে বক্তারা মৃৎশিল্প রক্ষা ও এর সৌন্দর্য বাড়াতে সরকারি উদ্যোগের দাবি জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক উদয় শঙ্কর বিশ্বাস বলেন, মৃৎশিল্পীদের টিকিয়ে রাখতে হলে আমাদের দৈনন্দিন জীবনে মৃৎপণ্যের ব্যবহার বাড়াতে হবে।
এ সময় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সহযোগী অধ্যাপক আব্দুস সাত্তার তৌফিক, প্রবীণ চিত্রশিল্পী কাজী মোজাম্মেল হোসেন ও দীপঙ্কর চক্রবর্তী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক সুশান্ত ঘোষ।