ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫১ এএম
প্রবা ফটো।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃত্রিম বুদ্ধিমত্তা (আই) নিয়ে সচেতনতা বাড়াতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌরসভার অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারের সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান। প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। মূল বক্তা ছিলেন শেখ মহাবুল হোসেন রাজীব (উপ-পরিচালক বাংলাদেশ বেতার)। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
সেমিনারে বক্তারা কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, শিক্ষা ও কর্মক্ষেত্রে সম্ভাবনা, এবং এর মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আই এর জ্ঞান অর্জন ও প্রয়োগ ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়।
অনুষ্ঠানে স্থানীয় কলেজ ও স্কুলের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তারাও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে এবং ভবিষ্যতে এ বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে।