ভোলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৫ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৪ পিএম
ভোলার বোরহানউদ্দিনে পূজামণ্ডপে আর্থিক অনুদান দিতে এসে হামলার শিকার হয়েছে সহকারী অ্যাটর্নি জেনারেল এবিএম ইব্রাহিম খলিল। এ সময় তিনিসহ তার সঙ্গে থাকা আরও ৫ জন আহত হয়েছেন। পরে তিনি ভোলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে ভোলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।এ সময় তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে শনিবার সকাল থেকে তিনি বোরহানউদ্দিনের বিভিন্ন পূজামণ্ডপে অনুদান প্রদান করেন। দুপুর দেড়টার দিকে তিনি বোরহানউদ্দিন উপজেলার বাজারের কেন্দ্রীয় পূজামণ্ডপে অনুদান দিতে গেলে পূজামণ্ডপের সামনে বোরহানউদ্দিন পৌর বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান লিটনের নেতৃত্বে পৌর বিএনপি ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা তার গাড়িতে ডিম ও ইট নিক্ষেপ করেন। এ সময় তারা গাড়ি থেকে নামলে তিনিসহ তার সঙ্গে থাকা লোকজনের ওপরও হামলা চালায়।
তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে তিনি ভোলা-২ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। এটি তিনি নিজে কয়েক মাস আগে ঘোষণা দেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহীমের নির্দেশে এমন হামলা ঘটনা বলে দাবি করেন তিনি।
তবে বোরহানউদ্দিন পৌর বিএনপির সহ-সভাপতি মো. সাইদুর রহমান লিটন অভিযোগ অস্বীকার করেন জানান, এ ঘটনার সঙ্গে বোরহানউদ্দিনের বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কেউ জড়িত নয়। আর ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। কিছুক্ষণ আগে তিনি শুনেছেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন ইব্রাহীম খলিল। তার দাবি ইব্রাহীম খলিল বোরহানউদ্দিনের বিএনপি ও ছাত্রদলের বদনাম করতে এসব মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছেন।