মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৭ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৯ পিএম
মৌলভীবাজারের পর্যটন নগরী হিসেবে খ্যাত শ্রীমঙ্গলে বিশ্ব পর্যটন দিবস উদযাপন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাধানগর পর্যটন কল্যাণ পরিষদ এবং ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের যৌথ উদ্যোগে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
‘টেকসই উন্নয়নে পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান চৌধুরী। পর্যটন কল্যাণ পরিষদের যুগ্ম সভাপতি তাপস দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত র্যালিপূর্ব আলোচনায় অংশ নেন সংগঠনের সভাপতি কুমকুম হাবিবা ও সাধারণ সম্পাদক তারেকুর রহমান পাপ্পু।
র্যালি শেষ প্যারাগন হোটেলের সামনে এসে সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য এবং ত্রিপুরা আদিবাসীদের ট্রেডিশনাল নৃত্য পরিবেশন করা হয়।
এবারের বর্ণির আয়োজনে অংশ নেন উপজেলার বিভিন্ন হোটেল, রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্ট, ট্যুর অপারেটর, ট্যুর গাইড, স্যুভেনির শপের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা। এ ছাড়া চা-শ্রমিক, খাসিয়া ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ নিজস্ব পোশাকে যোগ দেন। স্কুল শিক্ষার্থীরা হাতে সাজানো ডালা ভরে চা-পাতা, লেবু, আনারস ও সাতকড়া নিয়ে র্যালিকে আরও বর্ণিল করে তোলে।