চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৩ পিএম
কক্সবাজারের চকরিয়ায় পূর্বশত্রুতার জেরে মোহাম্মদ গিয়াস উদ্দিন (৪৫) নামে এক টমটম গ্যারেজ মালিককে অপহরণের পর পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মাতামুহুরী সেতুর পাশে বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ। নিহত গিয়াস উদ্দিন কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড দীঘিরপাড় এলাকার গোলাম কাদেরের ছেলে। তিনি স্থানীয়ভাবে টমটম চার্জিং স্টেশন ও গ্যারেজ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্বজনরা জানায়, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গিয়াস উদ্দিন স্থানীয় মিন্টুর সঙ্গে মোটরসাইকেলে চিরিঙ্গা যান। সেখান থেকে ফেরার পথে মহাসড়কে প্রতিপক্ষ তৌহিদের নেতৃত্বে কয়েকজন তাদের গতিরোধ করে। অস্ত্রের মুখে মিন্টুকে দূরে সরিয়ে রেখে গিয়াস উদ্দিনকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায় তারা। পরে ভোরে মাতামুহুরী সেতুর পাশে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
নিহতের স্ত্রী জান্নাতুল নাঈম জানান, রাতেই বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল। সকালে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। গিয়াস উদ্দিনের মা আনোয়ারা বেগম অভিযোগ করেন, এলাকায় চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তৌহিদ গ্যাং তৈরি করেছে। এ নিয়ে প্রতিবাদ করায় গত বছরও তার ছেলের ওপর হামলা চালানো হয়েছিল এবং থানায় মামলা হয়েছিল। সেই শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মাথায় টর্চলাইটের আঘাতে চিহ্ন রয়েছে, মাথা থেঁতলানো অবস্থায় পাওয়া গেছে এবং হাতে কামড়ের দাগও দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।