মুরাদনগর (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৩ পিএম
কুমিল্লার মুরাদনগর উপজেলায় পাগলা কুকুরের তাণ্ডবে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার শ্রীরামপুর, গাজীপুর, বিষ্ণুপুর ও দিঘীরপাড় গ্রামে এই ঘটনা ঘটে।
এদিকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে কুকুরটি আবারও ৬নং বাঙ্গরা পূর্ব ইউনিয়নের খামার গ্রামে প্রবেশ করে আরও ৫ জনকে কামড়ায়। পরে গ্রামবাসী একত্রিত হয়ে কুকুরটিকে পিটিয়ে হত্যা করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে একটি পাগলা কুকুর হঠাৎ করে গ্রামগুলোতে প্রবেশ করে নারী, পুরুষ ও শিশুদের ওপর আক্রমণ চালায়। এতে প্রায় ৪০ থেকে ৫০ জন গুরুতরভাবে আহত হন। এছাড়াও কুকুরের কামড় থেকে স্থানীয় হাঁস-মুরগি ও গরু-ছাগলও রক্ষা পায়নি।
আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক তাঁদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী বলেন, বেওয়ারিশ কুকুরের কোনো দায়িত্ব প্রাণী সম্পদের নেই। শুধু মালিকানাভুক্ত প্রাণীই এ দপ্তরের দায়িত্বের মধ্যে রয়েছে।
এ ব্যাপারে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান বলেন, কুকুরটিকে শুক্রবার সকালে স্হানীয়রা হত্যা করেছে বলে জানতে পেরেছি। তবে এটি খুবই ভয়ংকরভাবে আক্রমণ করেছে। আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালে খোঁজ খবর নেওয়া হচ্ছে।