কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৮ পিএম
ঢাকার দোহারের বিলাসপুরে পারিবারিক কলহের জেরে বিষ খেয়ে স্ত্রী জয়গন বেগমকে (৪৭) ছুরিকাঘাত করেন আইয়ুব আলী হাওলাদার (৫২) নামে এক ব্যক্তি। তার ছেলে সাগর একই ছুরি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন আইয়ুব আলী।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়গন বেগমকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে আইয়ুব আলীর মৃত্যু হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে দ্বিতীয় স্ত্রী জয়গণের সঙ্গে কলহ চলছিল আইয়ুব আলীর। গতকাল বৃহস্পতিবার দুপুরে জমিসংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কিটনাশক খেয়ে স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে এলোপাথারি কুপিয়ে আহত করেন আইয়ুব আলী। এসময় ঘটনাস্থলে এসে ছেলে সাগর মাকে রক্তাক্ত অবস্থায় দেখে বাবাকে একই ছুরি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ করেন আইয়ুব আলীর স্বজনরা। এর দুই ঘন্টা পর তার মৃত্যু হয়। তবে নিহত জয়গনের স্বজনদের দাবি, আউয়ুব আলী নিজেই আত্মহত্যার চেষ্টা করেছেন। খবর পেয়ে নিহত দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ।
দোহার থানার ওসি হাসান আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।