বগুড়া অফিস
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৫ পিএম
প্রতীকী ছবি
বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় জহুরা বেওয়া (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার আড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহুরা বেওয়া বামুনিয়া মন্ডল পাড়া গ্রামের মৃত আ. জব্বারের স্ত্রী। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।
পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত জহুরা বেওয়া ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার দিন সকালে তিনি আড়িয়া বাজারে বেলাল হোসেনের চায়ের দোকানের সামনে হাইওয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।