কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৫ পিএম
কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড় থেকে অপহৃত ৫ জনকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার ( ২৩ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন, কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তবে আটক ও উদ্ধারদের নাম-পরিচয় নিশ্চিত করেননি তিনি।
লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সোমবার মধ্যরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার গহিন পাহাড়ে দুর্বৃত্তরা মুক্তিপণের দাবিতে কয়েকজনকে অপহরণ করে জিন্মি করে রাখার খবর পায় কোস্ট গার্ড। পরে কোস্ট গার্ডের একটি দল সেখানে অভিযান চালায়।
এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মুক্তিপণ আদায় এবং মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে জিন্মি রাখা ৫ জনকে উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, উদ্ধারদের দেওয়া তথ্য মতে, মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ২ অপহরণকারীকে আটক করা হয়।
উদ্ধারকৃত ব্যক্তিকে স্বজনদের কাছে হস্তান্তর এবং আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান, লে. কমান্ডার সিয়াম-উল-হক।
একই পাহাড় থেকে এর আগে সোমবার র্যাব ও বিজিবি অস্ত্রসহ ৩ পাচারকারীকে আটক করে এবং উদ্ধার করে ৮৪ ভুক্তভোগীকে। কোস্ট গার্ড ১৮ সেপ্টেম্বর ৬৬ জনকে উদ্ধার করে, ১৬ সেপ্টেম্বর বিজিবি ১১ জনকে উদ্ধার করে ১২ জনকে আটক করেছিল।