ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৪ পিএম
ছবি: সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর এলাকার আতাদি গ্রামে বিষাক্ত সাপের কামড়ে শাহ আলম (১৭) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়।
নিহত শাহ আলম আতাদি গ্রামের হাফেজ মাতুব্বরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় শাহ আলম বাড়ির পাশে রেললাইনের দিকে ঘুরতে যায়। এ সময় অন্ধকারে শরীরে কিছু কামড় দিয়েছে বলে অনুভব করে সে। পরে বাড়িতে ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে সঙ্গে সঙ্গে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের বলেন, ‘শাহ আলম নামের একজন সাপে কাটা রোগীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। রোগীর হাতে কামড়ের স্পষ্ট চিহ্ন ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুরে পাঠানো হলেও পথেই তার মৃত্যু হয়।’
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।