নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের দুই দিন পর নদী থেকে মাহমুদুল ইসলাম বিশাল (২১) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফান্দাউক ইউনিয়নের কালী মন্দিরের পাশে বলভদ্র নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বিশাল উপজেলার ফান্দাউক গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকার সিদ্বেশ্বরী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মাহমুদুল শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ওষুধ আনার কথা বলে ফান্দাউক বাজারে যায়। পরে রাত সাড়ে নয়টার দিকে বাড়ি থেকে তাকে ফোন দিলে সে জানায় সে স্কুলের পুকুর পাড়ে আছে, ঔষধ নিয়ে এসে পড়বে। এর পর থেকে সে আর ফিরে নি।
নিহতের বড় চাচা শফিকুল ইসলাম বলেন, আজ সকালে নদীতে একটা লাশ ভাসতে দেখে স্থানীয়রা। লোকজন আমাদের খবর দিলে আমরা খোঁজ নিয়ে দেখি এটা মাহমুদুলের লাশ।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, গত ২০ সেপ্টেম্বর মাহমুদুল নিখোঁজ হয়। গতকাল তার বাবা একটা মিসিং ডাইরি করেছে। পরে পুলিশ সহ এলাকার অনেক মানুষ তাকে ফোন দিয়ে, খোঁজাখোঁজি করেও কোথাও তাকে পায়নি। আজ সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে পানি থেকে।
তিনি আরও বলেন, তার পকেট থেকে ঘুমের ঔষধের একটি খালি পাতা পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।