চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৬ পিএম
দাফনের আগে মরদেহ আটকে সুদের পাওনা টাকা আদায় করল সুদখোর। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে।
জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিতলা গ্রামের নতুন পাড়ার নিয়ামত আলীর ছেলে হারুন পেশায় রাজমিস্ত্রি। রবিবার (২১ সেপ্টেম্বর) মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। আসরের নামাজের পর দাফনের প্রস্তুতি চলছিল। গোসল করানোর সময় সেখানে হাজির প্রতিবেশী মর্জিনা খাতুন।
মর্জিনার দাবি, হারুনের কাছে ১৫ হাজার টাকা পাবেন তিনি। আসল নয়, সুদের টাকা! সুদ বাবদ ওই ১৫ হাজার টাকা না পেলে হারুনকে দাফন করতে দেবেন না। শেষমেশ হারুনের পক্ষে পরিবারের লোকজন দাবিকৃত সুদের টাকা পরিশোধ করলে পথ ছাড়ে মর্জিনা।
স্থানীয়রা জানান, মর্জিনা ও তার মেয়েকে এমনিতেই এড়িয়ে চলে গ্রামবাসী। কারণ সবাই জানে, এরা মামলাবাজ। টাকা কুড়িয়ে নেওয়ার সময় উপস্থিত কেউ কেউ রাগে ক্ষোভে ফেটে পড়ে। মরদেহ আটকে সুদের টাকা আদায়ের ঘটনায় হতবাক গ্রামবাসী।
দামুড়হুদা ইউপি চেয়ারম্যান হযরত আলী বলেন, এটি অমানবিক ও ন্যক্কারজনক ঘটনা। এ ঘটনায় জড়িত সুদ কারবারিদের বিচার হওয়া উচিত।
দামুড়হুদা ইউএনও তিথি মিত্র বলেন, ঘটনটি শুনেছি। ভিডিও দেখেছি। এটি অমানবিক। আমি আরও খোঁজখবর নেব।