চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৬ পিএম
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় তাদের আরেক ভাই রাজ্জাক গুরুতর আহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার উথলী গ্রামে এই ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতরা হলেন, উথলী গ্রামের বড় মসজিদ পাড়ার মৃত ক্ষুদে মন্ডলের ছেলে মিন্টা মিয়া (৬০) ও তার ছোট ভাই হামজা আলী (৪৫)। আহত রাজ্জাককে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, শনিবার সকালে মিন্টা ও হামজা, রাজ্জাক তিন ভাই গ্রামের ৭২ নম্বর ব্রিজের কাছে কৃষি কাজ করছিলেন। এ সময় ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। স্থানীয় লোকজন মিন্টা ও হামজাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে তাদের মৃত্যু হয়।
নিহতদের স্বজনরা জানান, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রায় চার মাস আগে গরু কেনাবেচা নিয়ে তাদের মধ্যে একটি বিবাদ শুরু হয়। এই বিরোধ মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনও সমাধান হয়নি। পরে দুই পক্ষই জীবননগর থানায় একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করে, যা এখনও চলমান।
নিহতদের স্বজন রমজান জানান, কয়েক মাস আগেও হামলাকারীরা মিন্টা ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছিল। তখন তারা যশোর থেকে চিকিৎসা নিয়ে ফিরেছিলেন।
নিহতদের দুলাভাই ইসলামের অভিযোগ, তাদের তিন শ্যালকের ওপর হামলাকারী স্থানীয় নিজাম, বিপুল, স্বপন, তুতা, জুয়েল, হিমেল, সাইফুলসহ তাদের দলবল। তিনি আরও উল্লেখ করেন, হামলাকারীদের মধ্যে স্বপন ওয়ার্ড যুবদলের সভাপতি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হাসপাতালের ইএমও ওয়াহিদ আহমেদ রবিন জানান, সকাল ১০টার দিকে হাসপাতালে আনার পর তারা হামজাকে মৃত অবস্থায় পান। মিন্টাকে আশঙ্কাজনক অবস্থায় সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। ১০টা ৫০ মিনিটে তারও মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা পৃলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের (ক্রাইম এান্ড অবস), অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। আমরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছি।