নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রাতের আঁধারে রহমান মিয়া (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামের বড়হাটি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের শফিক মিয়ার ছেলে এবং পেশায় একজন চা ব্যবসায়ী।
স্থানীয়রা বলেন, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন রহমান মিয়া। স্ত্রীকে রাতের খাবার প্রস্তুত করতে বলে তিনি বাইরে টয়লেটে যান। কয়েক মিনিট পর তার স্ত্রীর চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন ছুটে এসে বাড়ির পাশে রাস্তায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার তদন্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।