বগুড়া সিটি করপোরেশন
অরুপ রতন, বগুড়া
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫২ এএম
ছবি: সংগৃহীত
বাংলার অন্যতম প্রাচীন পৌরসভা বগুড়া এবার সিটি করপোরেশনে উন্নীত হওয়ার দ্বারপ্রান্তে। প্রায় দেড় শতাব্দীর ইতিহাসসমৃদ্ধ এ পৌরসভা ইতোমধ্যেই পূরণ করেছে সিটি করপোরেশনের সব শর্ত। গণশুনানি ও নাগরিক মতামত গ্রহণ পর্ব শেষে এবার প্রক্রিয়ায় যুক্ত হয়েছে উপজেলা ও থানার সীমানা নির্ধারণের ধাপ।
গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-২ অধিশাখার যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত একটি লিখিত আদেশ বগুড়া জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। পরে আদেশটি জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
ওই আদেশে বলা হয়, বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব বাস্তবায়নের আগে উপজেলাগুলোর সীমানা নির্ধারণ এবং প্রয়োজনীয় থানার সংখ্যা যাচাই করে জরুরি ভিত্তিতে প্রতিবেদন দিতে হবে। এ দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (নগর উন্নয়ন-১) আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান। তিনি আগামী সপ্তাহেই বগুড়ায় সরেজমিন পরিদর্শনে আসছেন। যাচাই শেষে তিনি ঢাকায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেবেন।
এর আগে চলতি বছরের ৮ জুলাই বগুড়া জেলা প্রশাসন স্থানীয় সরকার বিভাগে একটি চূড়ান্ত চিঠি পাঠায়। যেখানে জানানো হয়, বগুড়া পৌরসভা সিটি করপোরেশনের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণ করেছে। গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নাগরিকদের মতামত গ্রহণের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। তখন থেকে অপেক্ষা কেবল গেজেট প্রকাশের।
পৌর সূত্রে জানা যায়, ১৮৭৬ সালে যাত্রা শুরু করা বগুড়া পৌরসভা ১৯৮১ সালে ‘ক’ শ্রেণির মর্যাদা পায়। বর্তমানে পৌরসভাটির আয়তন প্রায় ৭০ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১০ লাখ। এত বড় পরিসরের সত্ত্বেও পৌরসভাটি এখনও সাধারণ বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সীমিত বরাদ্দ পেয়ে থাকে।
সিটি করপোরেশন ঘোষণা হলে অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবায় গতি আসবে বলে মনে করছেন স্থানীয়রা। সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে বগুড়া আনুষ্ঠানিকভাবে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যুক্ত হবে মানচিত্রে।
বগুড়া পৌরসভার প্রশাসক (উপসচিব) মাসুম আলী বেগ বলেন, ‘সিটি করপোরেশন ঘোষণার ব্যাপারে কাজ অনেক দূর এগিয়েছে। আমরা সব শর্ত মেনে প্রতিবেদন পাঠিয়েছিলাম। সেই প্রতিবেদনের তথ্য যাচাইয়ের জন্য সরকার যুগ্ম সচিব পদমর্যাদার এক কর্মকর্তাকে নিয়োগ দিয়েছেন। এখন তা যাচাইয়ের কাজ চলছে।’
বগুড়ার জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা বলেন, ‘আগামী সপ্তাহে যুগ্ম সচিব পদমর্যাদার দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা বগুড়ায় আসবেন। তিনি সরেজমিন পরিদর্শন করবেন এবং পরিদর্শন শেষে চূড়ান্ত রিপোর্ট ঢাকায় কমিটির কাছে জমা দেবেন। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। শুধু এই ধাপ শেষে চূড়ান্ত ঘোষণার অপেক্ষা।’