কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৭ পিএম
দুইটি পাখা, দুইটি লাইট, একটি ফ্রিজ ও টেলিভিশনের মাসিক বিদ্যুৎ বিল এসেছে এক লাখ ৬৭ হাজার টাকা। চলতি মাসে গ্রাহককে এই বিল দেওয়া হয়। গত আগস্ট মাসে একই গ্রাহক দেওয়া ১৪০০ টাকার কিছু বেশি বিল। এমন ভুতড়ে বিল পেয়ে বিস্মিত বাড়ির মালিক।
গত রবিবার এই ঘটনা ঘটে কুমিল্লা নগরীর দুই নম্বর ওয়ার্ডের ছোটরা কলোনির পশ্চিম গেটের এলাচি বাড়িতে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদের পর তা কমে করা হয়েছে ২৬০০টাকা।
ছোটরা এলাকার গৃহিণী তানজীদা আক্তার রিয়া বলেন, সাড়ে ৪ বছর আগে তাদের দুই রুমের বাসাটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুমিল্লা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ শাসনগাছা জানিয়ে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের লিখিত আবেদন করেন। সাড়ে চার বছর পর বাড়িটি পুন:নির্মাণ করেন। আগস্ট মাসে তাকে ১৪০০টাকার বিল দেওয়া হয়। রবিবার ১ লাখ ৬৭ হাজার ৬৮৪ টাকার বিল আসে।
রিয়া বলেন, সংবাদ প্রকাশের পর ১ লাখ ৬৭ হাজার টাকার স্থলে ২৬০০টাকার বিল দেওয়া হয়েছে। এখন তারা বলছেন, ভুলে এমন বিল হয়েছে। আমি প্রিপেইড মিটারের বিল দিয়েছি। আবার সাধারণ মিটারের বিল কেন দেব? আমি এক টাকাও বাড়তি বিল দেব না।
এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুমিল্লা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, আমাদের ৯০ হাজার গ্রাহক রয়েছে। কিছু ত্রুটি হতে পারে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।