কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০২ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৫ পিএম
ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ করলেন কর্ণফুলীর ইউএনও সজীব কান্তি রুদ্র। প্রবা ফটো
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ১২ লাখ ৬৮ হাজার টাকা চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় কর্ণফুলী উপজেলা কনফারেন্স রুমে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের আয়োজনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়।
কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ, বিশেষ অতিথি ছিলেন জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য, রেঞ্জ কর্মকর্তা মাজাহারুল ইসলাম, বাঁশখালীর জলদির রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, বনরক্ষক মো. ফোরকান মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের নির্দেশনায় হাতি সংরক্ষণে বনবিভাগ অত্যন্ত আন্তরিক ও তৎপর রয়েছে। খাবারের খোঁজে হাতিগুলো লোকালয়ে ঢুকছে। হাতি আসা-যাওয়ার ক্ষেত্রে আপনারা বাধা সৃষ্টি করবেন না। হাতির ওপর আক্রমণ করবেন না। প্রয়োজনে সরকারের দায়িত্বরত কর্মকর্তাদের সহযোগিতা নেবেন।