বগুড়া অফিস
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৯ পিএম
বগুড়ার ধুনটে ভিমরুলের কামড়ে মরিয়ম খাতুন (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার আড়কাটিয়া গ্রামের মোহাব্বত আলী সরকারের মেয়ে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার আড়কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমিয়া সুলতানা রিক্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বিকালে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী মরিয়ম খাতুন বাড়ির অদূরে ইছামতী নদীর তীরে জঙ্গলের পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। খেলার একপর্যায়ে শিশুরা ভিমরুলের বাসায় ঢিল ছুড়ে। তখন ভিমরুলের ঝাঁক উড়ে এসে মরিয়মের সারা শরীরে কামড় দেয়।
ভিমরুলের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে মারা যায় মরিয়ম খাতুন।