বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৯ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:১১ পিএম
বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নাটোরের বড়াইগ্রামের আগ্রাণ এলাকায় মধ্যরাতে ডাকাতি হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা থেকে নাটোরগামী নুরজাহান ট্রান্সপোর্ট এজেন্সির কাভার্ডভ্যান আটকিয়ে চালক ও সহকারিকে অস্ত্রের মুখে জিম্মি করে বাটারফ্লাই কোম্পানীর টিভি, ফ্রিজ, এসি, ওভেন নিয়ে যায়।
এতে আনুমানিক ১০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানায় এজেন্সি কর্তৃপক্ষ। এ ঘটনায় চালক মিজান শেখ বাদি হয়ে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী চালক মিজান শেখ জানান, তিনি নুরজাহান ট্রান্সপোর্ট এজেন্সির কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-ট ১৫৮৫৫০) চালক। তার বাড়ি নড়াইল সদরের বরাশুলা গ্রামে। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি ও তার সহকারি ওয়াসিম হোসেন গাজীপুরের জয়দেবপুর ও ময়মনসিংহের ভালুকা ডিপো থেকে বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের মালামাল নিয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা দেন।
ভোর ৪টার দিকে বড়াইগ্রাম থানার মোড় অতিক্রম করার পর আগ্রাণ এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ৫-৭ দুর্বৃত্ত একটি ড্রাম ট্রাক দিয়ে কাভার্ডভ্যানটির গতিরোধের চেষ্টা করে। নিরাপত্তার কথা চিন্তা করে একটি লোকাল রাস্তা দিয়ে কাভার্ডভ্যানটি ঢুকিয়ে দিলে কিছুক্ষণ পর একটি ছোট পিকআপ ভ্যান কাভার্ডভ্যানের সামনে গিয়ে দাঁড়ায়। পরে অস্ত্রের মুখে জিম্মি করে কাভার্ডভ্যানের পেছনের দরজার তালা ভেঙে মালামাল পিকআপ ভ্যানে উঠিয়ে নিয়ে চলে যায়।
এ বিষয়ে ভ্যানচালক মিজান শেখ আরও বলেন, ঘটনার পর কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে দুপুরে থানায় অভিযোগ করেছি। বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।