সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৮ এএম
অন্তরবর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার বলেছেন, জীবনের সার্থকতা হলো- সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কবি কামিনী রায় ১১০ বছর আগে তা লিখেছেন। তাই, সফল হবার সঙ্গে সঙ্গে প্রয়োজন অন্যের জন্য কিছু করতে পারা, অন্যের জীবনকে আলোকিত করতে পারা, সংবেদন করতে ভূমিকা রাখতে পারা। তাহলে তোমাদের জীবন সার্থক।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, তোমরা প্রত্যেকেই সাফল্যের পাশাপাশি সার্থক মানুষ হিসেবে জীবন গড়বার জন্য চেষ্টা করবে। নতুন প্রজন্মের জন্য, মুক্ত জ্ঞান অর্জনের জন্য মুক্ত পরিবেশ দরকার। এতদিন বাংলাদেশে মুক্ত পরিবেশ ছিল না। স্কুল, কলেজ, মাদ্রাসাগুলো সকাল বেলা শুরু হতো একটি ব্যক্তির বন্দনার মধ্য দিয়ে। ২০২৪ সালের জুলাই অভ্যুণ্থনের মধ্য দিয়ে সে অবরুদ্ধ অবস্থা শান্ত হয়েছে।
আলহাজ্ব মশিউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ফাউন্ডেশনের চেয়ারম্যান জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধান অতিথির একান্ত সচিব মামুন শিবলী, গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, রংপুর টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক আব্রাহাম লিংকন, উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) রাজ কুমার বিশ্বাস, জেলা সহকারী শিক্ষা অফিসার খান মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার বেলাল হোসেন, জেলা জামায়াতের নায়েবে আমির মাজেদুর রহমান, উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, পৌর জামায়াতের আমির একরামুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ প্রমূখ।
সেমিনার শেষে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৭৫ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ।