রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৮ পিএম
রাজবাড়ীর পাংশায় দ্রুত গতির ট্রাক চাপায় রবিউল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। তিনি কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ঘাটরা গ্রামের তবজেল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে বালিয়াকান্দি-পাংশা সড়কের বাগদুলী বাজার এলাকার উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে এ দুঘর্টনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত রবিউল পাংশার দিক থেকে মোটরসাইকেলযোগে মৃগীর দিকে যাওয়ার সময় পাংশাগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক রবিউল ইসলামের মৃত্যু হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।